চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল আশানুরূপ না হওয়া শিক্ষার্থীদের জন্য খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। মঙ্গলবার (১১ আগস্ট) থেকে রোববার (১৭ আগস্ট) পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে। প্রতি পত্রের জন্য ফি দিতে হবে ১৫০ টাকা।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী তাদের প্রাপ্ত নম্বর বা ফলাফল নিয়ে সন্তুষ্ট না হলে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।
এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
পরবর্তী ধাপে স্ক্রিনে পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলোর ফল পুনঃনিরীক্ষণ করাতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে।
দুই পত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
ফি পরিশোধের পর আবেদনে ফিরে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে কোনো ভুল হলে তা সংশোধনের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ‘মুছে ফেলুন’ অপশনে গিয়ে বিষয়টি বাদ দিয়ে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
একবার ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পর ওই আবেদনে পরিবর্তন বা বাতিলের সুযোগ থাকবে না। পরিশোধ করা ফিও ফেরত দেওয়া হবে না।
তবে ফি দেওয়ার পর কোনো শিক্ষার্থী নতুন কোনো বিষয় পুনঃনিরীক্ষণের জন্য যুক্ত করতে চাইলে আগের প্রক্রিয়া অনুসরণ করে তা করা যাবে। এ ক্ষেত্রে আগের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, নির্ধারিত ই-পোর্টাল ছাড়া কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। তাই খাতা পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের অনলাইন পদ্ধতিতেই আবেদন করতে হবে।