বরিশালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এবং সুইজারল্যান্ডের অর্থায়নে ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় বিদেশফেরত অভিবাসীদের কর্মসংস্থান ও কর্মসংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিদেশফেরত অভিবাসী কর্মীদের বিদেশে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার রক্ষিত ভট্টাচার্য বলেন, বিদেশফেরত কর্মীরা দেশে ফিরে উপযুক্ত কর্মসংস্থানের অভাবসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। বিদেশে অর্জিত তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে স্থানীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করা গেলে টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এ কে এম সাহাবুদ্দিন আহমেদ বলেন, বিদেশফেরত কর্মীদের পুনঃএকত্রীকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র ও স্থানীয় নিয়োগকর্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কর্মসংস্থানের তথ্য ও নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বাড়ানো গেলে তাদের বেকারত্ব কমানো সম্ভব। কর্মশালায় স্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও নিয়োগকর্তাদের প্রতিনিধিরা বিদেশফেরত কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী চাকরির সুযোগ, প্রয়োজনীয় যোগ্যতা এবং শ্রমবাজারের চাহিদা নিয়ে মতামত দেন। এ সময় চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগের জন্য সিভি ব্যাংক ও তথ্য আদান-প্রদানের প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।