মোল্লাহাটে ফুটবল টুর্নামেন্টে রুপসা ব্রাইট ফিউচার চ্যাম্পিয়ন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ১৫ আগস্ট, ২০২৬, ১১:১১ এএম | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ১১:১১ এএম
মোল্লাহাটে ফুটবল টুর্নামেন্টে রুপসা ব্রাইট ফিউচার চ্যাম্পিয়ন

বাগেরহাটের মোল্লাহাটে মরহুম শেখ মজিবুর রহমান মিলু মিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢাকা ক্লাব আজিমপুর একাডেমিকে টাইব্রেকারে পরাজিত করে রুপসা ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জমজমাট ফাইনাল ম্যাচে রুপসা ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি ও ঢাকা ক্লাব আজিমপুর একাডেমির নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে রুপসা ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি ৪-৩ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এর আগে প্রথম সেমিফাইনালে রুপসা ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি ২-০ গোলে শিপন ফুটবল কোচিং সেন্টার, গোপালগঞ্জকে পরাজিত করে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে ঢাকা ক্লাব আজিমপুর একাডেমি ও সাতক্ষীরা ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচ ড্র হলে টাইব্রেকারে ঢাকা ক্লাব আজিমপুর একাডেমি ৫-৪ গোলে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে। খেলা দেখতে সকাল থেকেই মাঠে দর্শকদের ব্যাপক সমাগম ঘটে। একপর্যায়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আশপাশের বিভিন্ন ভবনের বারান্দা ও ছাদ, এমনকি গাছেও উঠে দর্শকদের খেলা উপভোগ করতে দেখা যায়। ফলে পুরো আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বিশেষ অতিথি ছিলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শেখ আল আমিন ও শেখ আব্দুল্লাহ, শেখ আল হাফিজ, শেখ ইমন, ওয়াহিদুল শেখ, আরাব শেখ, বাপ্পি শেখ, বিজয়, নতুন শেখ ও কাবিল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের সুন্দর ও সুশৃঙ্খল ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে। ভবিষ্যতেও মোল্লাহাটে খেলাধুলার এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”

উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ বলেন, “মরহুম শেখ মজিবুর রহমান মিলু মিয়া ছিলেন একজন সমাজহিতৈষী ও ক্রীড়াপ্রেমী মানুষ। তাঁর স্মৃতিকে ধারণ করে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। এতে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।” আয়োজকরা জানান, মরহুমের স্মৃতি ও ক্রীড়ার প্রতি তাঁর ভালোবাসাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে