পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম, কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম (ভিপি দুলাল), উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মৎস্যজীবী দলের সভাপতি এনায়েত হোসেন মন্টু, ক্ষুদ্র মৎস্য সমিতির সদস্য সাইদুল ইসলাম, মৎস্য চাষী জলিল হোসেন । আলোচনা সভা শেষে মৎস্যক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।