জিয়ানগরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০৩ পিএম | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০৩ পিএম
জিয়ানগরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উৎপাদনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিউর রহমান রুবেল, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খানসহ অনেকে। অনুষ্ঠানে মৎস্য চাষি আরিফুল ইসলাম ও মৎস্য উদ্যোক্তা খায়রুল বাশারকে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ আহরণ করা গেলে মৎস্য খাত থেকে দেশের আয় আরও বৃদ্ধি পাবে। শুধু ইলিশ রপ্তানি করেই বছরে দেশের রাজস্ব আয়ের প্রায় ২ শতাংশ অর্জন করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জেলেদের কাছে পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। এসব প্রযুক্তি ব্যবহার করে জেলেরা যাতে আরও বেশি মাছ আহরণ করতে পারেন, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। মাসুদ সাঈদী অভিযোগ করে বলেন, “১৭ বছর ফ্যাসিস্ট মাফিয়া সরকারের আমলের তালিকা ধরে এখনো অনেক ক্ষেত্রে মাছ চাষিদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। ফলে অধিকাংশ মানুষ এসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসারকে মৎস্যজীবী জেলেদের পুরোনো তালিকা পুনরায় যাচাই-বাছাই করে প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে তালিকা পরিবর্তনেরও অনুরোধ করেন।

তিনি আরও বলেন, মানুষের চাহিদা অনুযায়ী মৎস্য খাতে প্রয়োজনীয় অর্থ ও বরাদ্দ পর্যাপ্ত না থাকায় অনেক ক্ষেত্রে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এ সময় তিনি মৎস্যজীবীদের আইন মেনে মাছ আহরণের আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি, জেলে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে