বরিশালে আরও ভয়াবহ রূপ ধারণ করছে হাম। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ৫৭ জন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্যে জানা গেছে, চলতি বছর বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ১২ হাজার ২০৭ জন রোগী চিকিৎসা নিয়েছে। এরমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ৬৬৩ জন। চিকিৎসকেরা জানিয়েছেন, হাম রোগে আক্রান্তদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি না থাকে সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।