সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে। তবে মামলায় নাম উল্লেখ করা আসামিদের পরিচয় জানতে চাইলে ওসি আহসানুজ্জামান বলেন, গ্রেফতারের স্বার্থে এ মুহূর্তে আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় সংসদ সদস্য শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত না হলেও তার ব্যবহৃত গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, হামলার ঘটনায় শনিবার রাতেই একজন বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করে ২ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের তৎপড়তা চলছে বলে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।