মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় চাঁদপুর জেলা পুলিশের সকল থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) দিনব্যাপী চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর থানা, হাজীগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানা, মতলব উত্তর থানা, মতলব দক্ষিণ থানা, শাহরাস্তি মডেল থানা ও কচুয়া থানায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।
মাদকের ভয়াবহতা রোধ এবং একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজিত এসব র্যালিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানাধীন নির্ধারিত স্থানে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা মাদকাসক্তির মারাত্মক ক্ষতিকর দিক, যুবসমাজের অবক্ষয় এবং এর নেপথ্য কারণগুলো তুলে ধরেন। এ সময় মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা পুনর্ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা আরও বলেন, কেবল পুলিশের একাই নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে সঠিক পথে পরিচালনা করার ওপরও জোর দেওয়া হয়।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।