জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম,সরকারি সেবার মান,দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি এবং জনসেবার পরিবেশ সরেজমিনে পরিদর্শন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় তিনি সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,সহকারী কমিশনার (ভূমি), সদর-এর কার্যালয়,সদর থানা,টুপিমারী ইউনিয়ন পরিষদ,টুপিমারী ইউনিয়ন ভূমি অফিস এবং টুপিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যক্রম, সেবাগ্রহীতাদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা এবং সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জনসাধারণের দোরগোড়ায় দ্রুত,স্বচ্ছ ও হয়রানিমুক্ত সরকারি সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক। পরিবেশের ভারসাম্য রক্ষা,সবুজায়ন বৃদ্ধি এবং একটি নির্মল ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ ও বৃক্ষের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তিনি। টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষার মান,পাঠদান কার্যক্রম, উপস্থিতি,শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় শিশুদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।