শার্শায় উলশী খাল পুনঃখনন শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ১২:৪৯ পিএম
শার্শায় উলশী খাল পুনঃখনন শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শায় বেতনা নদীর সঙ্গে সংযুক্ত উলশী-যদুনাথপুর এলাকার প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটে এই কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসন, কৃষি সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর উদ্যোগে নতুন গতি এলো।

সরকারের দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, উলশী খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। সেখানে নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনা গ্রহণের পর তিনি শার্শার উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিমানবন্দর এলাকা ও শহরের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় অবস্থান নেন।

সরকারি সূত্রগুলো বলছে, খাল পুনঃখনন শুধু অবকাঠামোগত কাজ নয়, এটি দীর্ঘমেয়াদি পরিবেশ ব্যবস্থাপনার অংশ। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জলাধার পুনরুদ্ধার ও নদীনির্ভর পরিবেশ রক্ষার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, উলশী খাল তার বাস্তব উদাহরণ।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানি প্রবাহ সচল রাখতে এবং নদী ও খালের প্রাকৃতিক সক্ষমতা ফিরিয়ে আনতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে।

খাল পুনঃখনন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনের কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে। বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দেওয়ারও সূচি রয়েছে তার।

আপনার জেলার সংবাদ পড়তে