বাংলাদেশের সঙ্গে কৃষি, প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি, ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বেলারুশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো। বৈঠকে দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হয়।
বৈঠকে রাষ্ট্রদূত কাসকো নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা তুলে ধরেন। জবাবে প্রতিমন্ত্রী বাংলাদেশ-বেলারুশ সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দক্ষ ও অদক্ষ শ্রমশক্তি রপ্তানি, বস্ত্র ও তৈরি পোশাক শিল্প, পাট খাত এবং শিল্প উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং নিয়মিত কূটনৈতিক সংলাপ জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে উভয়পক্ষ একমত হন যে, ফরেন অফিস কনসালটেশনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক প্রক্রিয়া আরও নিয়মিত করা হলে অগ্রাধিকারপ্রাপ্ত খাতে সহযোগিতা দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশ-বেলারুশ অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।
বৈঠক শেষে উভয়পক্ষই সম্পর্ক উন্নয়নের চলমান উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং আগামী বছরগুলোতে সহযোগিতা আরও বিস্তৃত করার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।