কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:১৪ পিএম
কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জের হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিস সোহানা নাসরিন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কিশোরগঞ্জের জেলা প্রশাসক মিজ সোহানা নাসরিনসহ উর্দ্ধতন জেলা কর্মকর্তাগণ মিঠামইন, ইটনা, অষ্টগ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের তলিয়ে যাওয়া জমি পরিদর্শনে আসেন। মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের শান্তিপুর গ্রামের ফসলি জমি পরিদর্শনশেষে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন এবং তাদের জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। যেসব কৃষক এখনো ফসল ঘরে তুলতে পারেননি, তাদের জন্য সরকার বিশেষ সহায়তা পরিকল্পনা গ্রহণ করছে, যাতে আগামী তিন মাস তারা কোনো কষ্টে না থাকেন। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, এ বছর হাওরে ১ লাখ ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫১ শতাংশ ফসল কাটা সম্ভব হয়েছে। টানা কয়েক দিনের বৃষ্টিতে অবশিষ্ট ফসলের একটি বড় অংশ পানির নিচে তলিয়ে গেছে।

তিনি বলেন, আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় কৃষকরা শ্রমিক ও হারভেস্টার মেশিন ব্যবহার করে দ্রুত ফসল কাটার চেষ্টা করছেন। সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকদের সহায়তা করছেন, যাতে দ্রুত এই সংকট মোকাবিলা করা যায়। এ সময় কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকার উপপরিচালক (প্রশিক্ষণ উইং) কৃষিবিদ মো: মনিরুল ইসলাম, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ বিন শফিক, উপজেলা কৃষি কর্মকর্তা উবায়দুল ইসলাম খান অপু, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, মিঠামইন সহকারী কমিশনার ( ভূমি) রুহুল আমিন শরীফ, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে