চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় সম্পত্তিগত বিরোধের জেরে আব্দুল মান্নান পাটওয়ারী(৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দুপুরে আত্মগোপনে থাকা অভিযুক্ত গ্রেপ্তার সুমন পাটোয়ারীকে চাঁদপুর আদালতে সোপর্দ করে মতলব দক্ষিণ থানা পুলিশ। এর আগে রোববার (১৪ জুন) দিনগত রাতে রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।
পুলিশ জানায়, থানার ওসির দিকনির্দেশনা উপ-পরিদর্শক (এসআই) সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আত্মগোপনে থাকা মান্নান হত্যার প্রধান আসামি উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকার আরব আলী পাটোয়ারীর ছেলে সুমনকে বিভিন্ন কৌশল অবলম্বন ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিএমপির হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর সুমন দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলো। তিনি কিছুদিন ধরে বিভিন্ন জায়গা পরিবর্তন করে আসছিলো।
স্থানীয়রা জানায়, গ্রেপ্তার সুমন পাটোয়ারী মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। সুমন পাটোয়ারীর কিশোর গ্যাং বাহিনী আছে। তার বিরুদ্ধে মুন্সিরহাট বাজারে দোকান দখল, চাঁদাবাজি ও অপরাধমূলক কাজের অভিযোগ আছে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, হত্যা মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারীর মা ও তার বউকে গ্রেপ্তার করে গত ৪ জুন আদালতে পাঠানো হয়েছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।