বৃষ্টিভেজা এক দিন। আকাশ তখন অঝোরে ঝরছিল। ভারী বর্ষণের মাঝেও থামেনি মানুষের ঢল। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে শুরু করে সিটি গেইট, বড় দারোগারহাট, ভাটিয়ারী হয়ে জলিল গেইট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার মানুষ। কেউ ছাতা ছাড়াই, কেউ ভিজে একাকার হয়ে, আবার কেউ কাদা-পানির মধ্যেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন শুধুমাত্র এক নজর দেখার আশায়। সেদিনের এই জনসমাগম কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি ছিল না। এটি ছিল দীর্ঘদিনের আবেগ, সম্পর্ক, ত্যাগ ও রাজনৈতিক স্মৃতির এক সম্মিলিত প্রকাশ। উপস্থিত মানুষের মুখে তখন একটিই স্লোগান, জেলখানার আসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই। স্থানীয়দের মতে, ওই দিনটি ছিল একদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান, অন্যদিকে রাজনৈতিক আন্দোলন, কারাবাস ও সংগ্রামের দীর্ঘ স্মৃতি ফিরে আসার এক আবেগঘন মুহূর্ত।
চট্টগ্রামের সীতাকুণ্ড বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে পরিচিত। সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কৌশলগত অবস্থানের কারণে এই এলাকা বারবার জাতীয় রাজনীতির আলোচনায় উঠে এসেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রামে এখানে তৃণমূল সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেখানে নেতৃত্বের কেন্দ্রীয় চরিত্র হিসেবে বারবার উঠে এসেছে বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আসলাম চৌধুরীর নাম। তবে এই রাজনৈতিক ইতিহাসের আড়ালে রয়েছে সাধারণ মানুষের ব্যক্তিগত কষ্ট, দীর্ঘ অপেক্ষা এবং অনিশ্চয়তার গল্প। এটি শুধু রাজপথের ঘটনা নয়, বরং বহু পরিবারের নীরব সংগ্রাম ও আবেগের ইতিহাস। পৌরসভার আমিরাবাদ গ্রামের এক বৃদ্ধা বলেন, রাতে দরজায় শব্দ হলেই মনে হতো ছেলে এসেছে। কিন্তু পরে দেখি কেউ নেই। কত রাত এভাবে কেটেছে, তা বলে বোঝানো যাবে না। একজন যুবদলের নেতা জানান, আত্মগোপনে থাকার সময় সন্তানের জন্ম হলেও অনেক পরে তাকে প্রথম কোলে নিতে পেরেছি।
স্থানীয়দের ভাষ্য, সেই সময় বহু পরিবার মানসিক ও আর্থিক সংকটের মধ্যেও দিন পার করেছে, তবুও তারা আশা ও অপেক্ষাকে শক্তি হিসেবে ধরে রেখেছিল। সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাবি, কঠিন সময়ে আসলাম চৌধুরী অনেক কর্মীর পরিবারের খোঁজখবর রাখতেন, অসুস্থদের চিকিৎসায় সহায়তা করতেন এবং সংকটের সময় পাশে দাঁড়াতেন। এজন্য অনেকের কাছে তিনি শুধু রাজনৈতিক নেতা নন, বরং একজন অভিভাবক হিসেবেও পরিচিত।
একজন প্রবীণ রাজনৈতিক নেতা জাকির হোসেন বলেন, নেতা অনেক পাওয়া যায়, কিন্তু কর্মীর পরিবারের খোঁজ রাখা মানুষ খুব কম। এজন্যই তাকে মানুষ আলাদা চোখে দেখে। নির্বাচনের পর আসলাম চৌধুরীর শপথ গ্রহণকে ঘিরে সৃষ্টি হওয়া আইনি জটিলতা বর্তমানে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করেছে। আদালতের নির্দেশনার কারণে তাঁর শপথ গ্রহণ স্থগিত রয়েছে, যা ভোটার ও রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ভোটারদের একাংশ মনে করছেন, নির্বাচনের মাধ্যমে যে গণরায় প্রকাশ পেয়েছে, তার দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। তবে আইন বিশেষজ্ঞদের মতে, বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ভোটের ফলাফল, আইনের ব্যাখ্যা এবং রাজনৈতিক সিদ্ধান্ত, সবকিছু নিয়েই চলছে ব্যাপক আলোচনা। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন এই ইস্যু প্রধান আলোচ্য বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি তিনটি গুরুত্বপূর্ণ শক্তির ওপর দাঁড়িয়ে আছে, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের অবস্থান এবং ভোটারের গণরায়। এই তিনটি শক্তির সমন্বয়ই নির্ধারণ করবে আসনটির ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা। সব মিলিয়ে সীতাকুণ্ড আবারও জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। আদালতের রায়, শপথ জটিলতা এবং গণরায়ের প্রশ্ন মিলিয়ে এই জনপদ এখন এক অনিশ্চিত রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই, তাদের ভোটের মাধ্যমে প্রকাশিত সিদ্ধান্ত যেন দ্রুত, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য সমাধানে পৌঁছে। কারণ এই জনপদের ইতিহাস শুধু রাজনীতির নয়, এটি মানুষের আশা, আবেগ, অপেক্ষা এবং সংগ্রামের ইতিহাস। আর সেই ইতিহাসে বারবার ফিরে আসে একটি নাম-অধ্যাপক আসলাম চৌধুরী।