রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে রংপুর সিটি কর্পোরেশন ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম বিষয়ক মতবিনিময় সভা এবং সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার।
সভায় রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্বল্পমূল্যে উত্তরাঞ্চলের মানুষদের উন্নতমানের চিকিৎসা সেবা দিতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই রংপুর সিটি কর্পোরেশনের প্রান্তিক পর্যায়ের মানুষদের জন্য টেলিমেডিসিন সেবা এবং ভ্রাম্যমান মা ও শিশু ক্লিনিক চালু করা হয়েছে। যার মাধ্যমে স্বল্প মূল্যে মানুষদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই কার্যক্রমের আরো বিস্তার ঘটবে এবং সিটিবাসী উপকৃত হবে।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে। ইতোমধ্যেই তারা অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। জনকল্যাণমূলক কর্মসূচি সঙ্গে আমরা সবসময় রয়েছি এবং সকল ধরনের সহযোগিতা প্রদান করব। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের এধরণের যুগান্তকারী উদ্যোগে প্রান্তিক জনগণ বিশেষভাবে উপকৃত হবে।
উল্লেখ্য, এই সমঝোতা স্মারক স্বাক্ষর এর মাধ্যমে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল সিটি কর্পোরেশনের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে দু'দিন রবিবার এবং মঙ্গলবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে এবং স্বল্পমূল্যে সিটি কর্পোরেশনের বাসিন্দাদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করবে। সেইসাথে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ সুবিধায় ও স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। আলোচনা সভার সঞ্চালনা করেন রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সিইও রাকিব হাসান ও স্বাস্থ্য বিভাগের প্রধান ডা কামরুজ্জামান ইবনে তাজসহ রংপুর গ্রুপ এবং রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্বাস্থ্যকর্মীবৃন্দ।