‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বরিশালের গৌরনদীতে আয়োজিত উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে বিএনপির শরিক দল গণঅধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিনকে হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে হেনস্থার স্বীকার সোলায়মান তুহিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সোলায়মান তুহিন বলেন, উপজেলা প্রশাসনের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি কামাল হোসেন বিপ্লব, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু শিকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিরা রহমান সাদ্দামসহ কয়েকজন নেতাকর্মী আমাকে হেনস্থা করেন।
সোলায়মান তুহিন আরও বলেন, রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা পেশায় থাকায় বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সাথে আমাকে যোগাযোগ রাখতে হয়েছে। সাবেক এক সংসদ সদস্যর সাথে তোলা একটি ছবি দেখিয়ে আমাকে প্রকাশ্যে বিব্রত করা হয়। বিষয়টি তিনি দলের ঊর্ধ্বতন নেতাদের অবহিত করেছেন। অভিযোগ করে তিনি (সোলায়মান তুহিন) বলেন, এ ধরনের ছবি গৌরনদীর অনেক সিনিয়র সাংবাদিকের রয়েছে। সেখানে তাদের কিছু না বলে উদ্দেশ্য প্রনেদিত ভাবে আমাকে হেনস্থা করা হয়। এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস মিয়া বলেন, সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত একজন প্রতিনিধিকে বক্তব্য দিতে বাঁধা দেওয়ার চেষ্টা অনভিপ্রেত এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। একই ধরনের অভিযোগ অনুষ্ঠানে উপস্থিত আরও অনেকের বিরুদ্ধে থাকলেও শুধুমাত্র সোলায়মান তুহিনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিষয়টি রহস্যজনক বলেও তিনি উল্লেখ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিরা রহমান সাদ্দাম বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, স্থানীয় সিনিয়র রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, এটি একটি রাজনৈতিক ভুল বোঝাবুঝির ঘটনা। গণঅধিকার পরিষদের সিনিয়র নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে।