‘এমন ভুল না করলেও পারতাম’

এফএনএস বিনোদন ডেস্ক
| আপডেট: ৮ আগস্ট, ২০২৬, ০৬:২৫ পিএম | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৫:৩৩ পিএম
‘এমন ভুল না করলেও পারতাম’
ছবি: সংগ্রহীত

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান জানিয়েছেন, জীবনে করা কিছু ভুল নিয়ে এখনো মাঝে মাঝে আক্ষেপ হয় তার। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে অতিরঞ্জিত খবর ও এমন কিছু ঘটনায় নাম জড়ানোর কারণে বর্তমানে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেতা।

দুই যুগের দীর্ঘ অভিনয়জীবন নিয়ে একই টেলিভিশন অনুষ্ঠানে আবারও হাজির হন শাকিব খান। সেখানে তার ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিষয় উঠে আসে। একপর্যায়ে উপস্থাপক জানতে চান, জীবনে কোনো ভুল করেছেন কি না।

জবাবে শাকিব বলেন, জীবনে তিনি অনেক ভুল করেছেন। সেসব নিয়ে পেছন ফিরে তাকালে কখনো কখনো আফসোস হয় তার।

শাকিব খানের ভাষায়, “অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।”

এসব ভুল কেন হয়েছিল, জানতে চাইলে তিনি বিষয়টিকে ভাগ্যের সঙ্গে মিলিয়ে দেখেন। বলেন, “ওই যে, কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।”

অতীতের সেই বিষয়গুলো এখনো তাকে ভাবায়। বিশেষ করে একান্তে নিজের সঙ্গে সময় কাটানোর সময় পুরোনো সিদ্ধান্ত ও ঘটনাগুলো নিয়ে হিসাব-নিকাশ করেন বলে জানান শাকিব।

তিনি বলেন, “নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে-শুনে সেটা করা যায় না।”

অপু-বুবলী প্রসঙ্গে যা বললেন

সাক্ষাৎকারে শাকিব খানের ব্যক্তিজীবন নিয়েও প্রশ্ন করা হয়। তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গ উঠলে বিস্তারিত কথা বলতে চাননি তিনি।

শাকিব বলেন, “তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।”

তাদের সঙ্গে দেখা হলে কোনো পরামর্শ বা সতর্ক করেন কি না, জানতে চাইলে তিনি জানান, মাঝে মাঝে তাদের সতর্ক করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ছড়িয়ে পড়া নানা অতিরঞ্জিত খবর নিয়েও কথা বলেছেন শাকিব খান। তার দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই সেটি নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। আবার এমন কিছু ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্ক নেই।

এসব অভিজ্ঞতার কারণে বর্তমানে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন বলে জানান তিনি। অতিরঞ্জিত প্রচারের বাইরে থেকে নিজের মতো করে থাকতেই এখন বেশি স্বস্তি বোধ করেন এই অভিনেতা।

এদিকে আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়েও আশাবাদী শাকিব খান। সিনেমাটি চলতি বছরের অক্টোবরের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

দীর্ঘ ক্যারিয়ারের নানা উত্থান-পতনের পর জীবনের বাকি সময়টা আনন্দ ও হাসিখুশির মধ্য দিয়ে কাটাতে চান বলেও জানিয়েছেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়ক।