নতুন সিনেমা ‘শিকার’-এর কাজের জন্য নেপালে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে ঘুরতে গিয়ে পোখারার অন্নপূর্ণা এলাকার একটি ক্যাবল কারে ওঠেন তিনি। সেই অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী। ক্যাবল কারটি অনেক উঁচুতে থাকায় ভয়ও পেয়েছেন অপু। লাইভের ক্যাপশনে লিখেছেন, ‘ভীষণ ভয় লাগছে।’
অপু জানান, অন্নপূর্ণার এই ক্যাবল কারে চড়ার অভিজ্ঞতা তার কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে ক্যাবল কারে চড়ার অভিজ্ঞতা থাকলেও নেপালের এই যাত্রাকে তার তুলনায় বেশি ভয়ংকর মনে হয়েছে বলে জানান তিনি।
উঁচুতে ওঠার কারণে কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেও ভ্রমণের মুহূর্তটি ভক্তদের সঙ্গে সরাসরি ভাগ করে নেন অপু। একই সঙ্গে উচ্চতাভীতি রয়েছে এমন মানুষ এবং যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তাদের এই ক্যাবল কারে না ওঠার পরামর্শ দেন তিনি।
ক্যাবল কারে থাকার সময় সন্তানকেও খুব মনে পড়ছিল অপু বিশ্বাসের। লাইভে নিজের এই অনুভূতির কথাও জানান তিনি।
নেপালে যাওয়ার মূল কারণ অবশ্য ভ্রমণ নয়। নতুন সিনেমা ‘শিকার’-এর কাজেই বর্তমানে দেশটিতে রয়েছেন এই অভিনেত্রী। কাজের ফাঁকে পাওয়া সময়েই নেপালের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন তিনি।
ফেসবুক লাইভে ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন অপু। তিনি বলেন, ভক্তরাই তার মূল শক্তি। লাইভে যারা বেশি বেশি মন্তব্য করবেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে নিজের প্রতিষ্ঠান ‘সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক’ থেকে বিশেষ সার্ভিস দেওয়ার পাশাপাশি উপহার হিসেবে পোশাক দেওয়ার ঘোষণাও দেন তিনি।
লাইভের শেষ দিকে নিজের নতুন সিনেমা ‘শিকার’ এবং সন্তানের জন্য সবার কাছে দোয়া চান অপু বিশ্বাস।