হলিউডে নিজের অবস্থান আরও শক্ত করছেন প্রিয়াঙ্কা চোপড়া। অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করতে যাচ্ছেন তিনি। নিমরোদ আনতাল পরিচালিত নতুন সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ব্লুফ্লাই’তে দেখা যাবে এই দুই তারকাকে। চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
প্রিয়াঙ্কার আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি নতুন আরেকটি সংযোজন। বলিউডে দীর্ঘদিনের সাফল্যের পর নিয়মিতই হলিউডের বিভিন্ন বড় প্রকল্পে কাজ করছেন তিনি। বর্তমানে এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমা নিয়েও ব্যস্ত এই অভিনেত্রী। এর মধ্যেই ‘ব্লুফ্লাই’তে যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে।
‘ব্লুফ্লাই’ পরিচালনা করবেন নিমরোদ আনতাল। ‘প্রিডেটরস’ সিনেমার জন্য পরিচিত এই নির্মাতা সায়েন্স ফিকশন ও থ্রিলার ঘরানায় কাজ করেছেন। নতুন সিনেমাটিকেও তিনি বিজ্ঞান কল্পকাহিনি, অ্যাকশন, রহস্য ও চরিত্রনির্ভর গল্পের মিশেলে তৈরি করতে চান।
সিনেমাটির গল্পের পটভূমি কঙ্গোর গভীর অরণ্য। সেখানে জাতিসংঘে কর্মরত এক অনুবাদককে একটি গোপন সামরিক অভিযানে যুক্ত করা হয়। তার লক্ষ্য, জঙ্গলের গভীরে বিধ্বস্ত একটি সামরিক বিমান উদ্ধার করা। তবে বিমানটির অস্তিত্ব সরকারি নথিতেই নেই।
বিশেষ অভিযানের একটি দলের সঙ্গে মিলিশিয়াদের নিয়ন্ত্রিত বিপজ্জনক এলাকা পেরিয়ে এগোতে থাকে ওই অনুবাদক। অভিযান যত সামনে এগোয়, ততই উন্মোচিত হতে থাকে বিমানের সঙ্গে জড়িয়ে থাকা অজানা রহস্য। একপর্যায়ে উদ্ধার অভিযানটি আর শুধু একটি সামরিক মিশনে সীমাবদ্ধ থাকে না, বরং তা পরিণত হয় নিজেদের বাঁচিয়ে রাখার মরিয়া লড়াইয়ে।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। প্রযোজনার সঙ্গে রয়েছে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ। সিনেমাটির বিশ্বব্যাপী পরিবেশনের স্বত্ব বিক্রির কার্যক্রম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটকে ঘিরে শুরু করার পরিকল্পনা রয়েছে।
পরিচালক নিমরোদ আনতাল সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, ‘ব্লুফ্লাই’ সাইন্স ফিকশন উপাদানে মোড়ানো একটি উত্তেজনাপূর্ণ ও চরিত্রকেন্দ্রিক থ্রিলার। বাস্তবসম্মত, তীব্র গতির এবং গা ছমছমে অনুভূতির গল্প বলাই তার লক্ষ্য। রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনয়শিল্পীদের নিয়ে সেই গল্প পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।
তবে সিনেমায় প্রিয়াঙ্কা ও রাসেল ক্রো ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো প্রকাশ করা হয়নি। অন্য অভিনয়শিল্পীদের নামও জানানো হয়নি।
নতুন সিনেমার খবরটি প্রিয়াঙ্কা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ঘোষণার সঙ্গে তিনি লিখেছেন, ‘এবার নতুন যাত্রা।’ তার পোস্টে স্বামী ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসও উচ্ছ্বাস প্রকাশ করেন।
অন্যদিকে রাসেল ক্রোর ক্যারিয়ারেও বেশ কিছু বড় প্রকল্প রয়েছে। সম্প্রতি তাকে ‘নিউরেমবার্গ’ সিনেমায় দেখা গেছে। সামনে ‘হাইল্যান্ডার’সহ আরও কয়েকটি সিনেমায় কাজ করার কথা রয়েছে।
প্রিয়াঙ্কার জন্যও সময়টা বেশ ব্যস্ত। এস এস রাজামৌলির ‘বারাণসী’র পাশাপাশি নতুন হলিউড প্রকল্পে যুক্ত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যস্ততা আরও বাড়ছে। ‘ব্লুফ্লাই’তে রাসেল ক্রোর সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধার খবর তাই তার ক্যারিয়ারের নতুন অধ্যায় হিসেবে দেখছেন ভক্তরা।