হরমুজ প্রণালিতে আমিরাতের জাহাজে হামলা

এফএনএস (অনলাইন ডেস্ক): | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৬:৫২ পিএম
হরমুজ প্রণালিতে আমিরাতের জাহাজে হামলা

সংঘাতপূর্ণ হরমুজ প্রণালি পার হওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) একটি জাহাজে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৮ আগস্ট) সকালে জাহাজটি হরমুজ পাড়ি দিচ্ছিল। তখনই হামলার কবলে পড়ে এটি।

আমিরাতের বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং জাহাজের নাবিকদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকালই আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি জানিয়েছিল, হরমুজে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় তাদের তেল রপ্তানির পরিমাণ কমে এসেছে। এরমধ্যেই কোম্পানিটির জাহাজে হামলার ঘটনা ঘটল।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

গত বৃহস্পতিবার বাঘাই বলেন, ওমানের সঙ্গে কোনো চুক্তি হলেও প্রণালিটি দিয়ে নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা মিলবে না। কারণ, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে নিরাপত্তা এখনও বিঘ্নিত হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র  এবং ওমান এ প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে তেহরান হরমুজ প্রণালি প্রায় পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। প্রণালিটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, প্রণালিটি ‘খুব শিগগিরই’ খুলে না দেওয়া হলে ইরান ‘ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত’ হবে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহের শেষের দিকে নৌপথটি পুনরায় চলাচলের জন্য খুলে দেওয়ার বিষয়ে আলোচনা এগিয়েছে। যদিও ইরান বরাবরই বলে আসছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না এবং এমন কোনো পরিকল্পনাও তাদের নেই।

সূত্র: আল-আরাবিয়া