পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে তাজা আনারস আমদানির অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। এর ফলে পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির সুযোগ তৈরি হওয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রফতানি প্রসার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন।
গতকাল শুক্রবার হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। এই ফল পাকিস্তানে রফতানির জন্য দেশটির সরকারের অনুমতি পেতে বাংলাদেশ হাইকমিশন ও উপ হাইকমিশনসহ কৃষি সম্প্রসারণ অধিদফতর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করেছে।
হাইকমিশন বলছে, এই সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর যাবত ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে এ সুযোগ তৈরি হয়েছে।