রোমে আটকে ঢাকার বিমান, ভেতরে বন্দি আড়াই শতাধিক যাত্রী

এফএনএস (অনলাইন ডেস্ক): | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৭:৪২ পিএম
রোমে আটকে ঢাকার বিমান, ভেতরে বন্দি আড়াই শতাধিক যাত্রী

ইতালির রোম বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সাত ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট। উড়োজাহাজটির ভেতরেই প্রায় ২৬০ জন যাত্রী চরম ভোগান্তির মধ্যে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী যাত্রী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিজি৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোম বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং এটি মেরামতের প্রয়োজন রয়েছে। এরপর স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইটটি সেখানেই অবস্থান করছিল। তবে এটি কখন পুনরায় যাত্রা শুরু করতে পারবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বিমান কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ধরে বিমানের ভেতরে আটকে থাকায় শিশু ও বৃদ্ধসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গেছে। বিমানের ভেতরে থাকা শরিফুল ইসলাম নামের এক যাত্রী জানান, দীর্ঘক্ষণ উড়োজাহাজের ভেতরে বন্দি থাকায় যাত্রীরা চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। গরম ও দমবন্ধ পরিবেশে অনেকেই অসুস্থ বোধ করছেন। কিন্তু তাদের উড়োজাহাজ থেকে নামতে কিংবা বিমানবন্দরের টার্মিনালে যেতে দেওয়া হচ্ছে না।

এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে শরিফুল ইসলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের কাছে দ্রুত সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এখানে অনেক শিশু ও বয়স্ক যাত্রী আছেন যারা ক্রমেই অসুস্থ হয়ে পড়ছেন। দ্রুত কোনো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় পৌঁছানোর আগে ইতালিতে শুধুমাত্র জ্বালানি সংগ্রহের জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল। তবে উড়োজাহাজের প্রযুক্তিগত ত্রুটির সুনির্দিষ্ট কারণ এবং ফ্লাইটে থাকা যাত্রীর প্রকৃত সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। এমনকি সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। ফলে বিমানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।