গোমস্তাপুরে সংকটের প্রতিবাদে কৃষকের বিক্ষোভ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ১২ আগস্ট, ২০২৬, ০৭:৩১ পিএম | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৭:৩১ পিএম
গোমস্তাপুরে সংকটের প্রতিবাদে কৃষকের বিক্ষোভ

‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রহনপুর ইউনিয়নের ভুক্তভোগী কৃষকেরা। বুধবার (১২ আগস্ট) সকালে রহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকেরা উপজেলা পরিষদে এসে বিক্ষোভ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের কাছে সার সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।

‎‎বিক্ষোভকারী কৃষকেরা বলেন, আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে চাহিদা অনুযায়ী ডিলারের কাছে সার পাওয়া যাচ্ছে না। ফলে তারা সময়মতো জমিতে সার দিতে পারছেন না। এতে ফসলের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। তাদের দাবি, কোনোভাবেই যেন সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি না হয় এবং কৃষকেরা যেন নির্ধারিত দামে প্রয়োজনীয় সার পান।

‎কৃষক পলাশ বলেন, আমরা মাঠে ফসল ফলাই, কিন্তু সময়মতো সার না পেলে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। সার নিতে এসে অনেক সময় খালি হাতে ফিরে যেতে হচ্ছে। আমন মৌসুমে এখন জমিতে সারের প্রয়োজন, এই সময়ে যদি সার না পাই তাহলে ফসলের ফলন কমে যাবে। আমরা কারও বিরুদ্ধে যেতে চাই না, আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে কৃষকের জন্য পর্যাপ্ত সার নিশ্চিত করুক।”

‎রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবুর রহমান বলেন,কৃষকেরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের যদি চাহিদার সময় সার না দেওয়া হয়, তাহলে কৃষকের পাশাপাশি এর প্রভাব পুরো কৃষি ব্যবস্থায় পড়বে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। কৃষকেরা যাতে হয়রানির শিকার না হন এবং নির্ধারিত মূল্যে সার পান, প্রশাসনের কাছে আমরা সেই দাবি জানাচ্ছি।

‎উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন,বর্তমানে আমন মৌসুমে কৃষকদের সারের চাহিদা বেড়েছে। কৃষকদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে বিষয়টি তদারকি করছি। কোথাও কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কৃষকেরা যাতে নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, সেটিও নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, “কৃষকদের কথা আমরা গুরুত্ব দিয়ে শুনেছি। সার নিয়ে কৃষকদের মধ্যে যাতে কোনো ধরনের সংকট বা ভোগান্তি না হয়, সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।” এ সময়  সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সদস্য সহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে