রাজশাহীর বাগমারায় গণঅধিকার পরিষদ নেতার দাপটে গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়াহাট গ্রামে। অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বেলঘরিয়া গ্রামে হেরিংবন্ড ৬ ফিট রাস্তায় যেতে পায়ে হেটে যাওয়ার একটি সংযোগ রাস্তা রয়েছে। রাস্তাটি শতবর্ষের পুরনো।
কিন্তু পার্শ্ববর্তী বামনী গ্রামের মৃত বুনাই প্রামানিকের ছেলে প্রভাবশালী ইয়াকুব আলী জনি জোরপূর্বক ১২ ফিট রাস্তা নির্মাণের চেষ্টা চালিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে বিবাদ ঢুকিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন।
ভুক্তভোগীদের দাবী, যেহেতু গ্রামের মধ্যে রাস্তা সেখানে ভ্যান, অটোরিকশা চলাচলের রাস্তা দিতে তারা প্রস্তুত। তারা আরও জানান, পাশে বিবাদীদের আত্মীয় স্বজনের জমিজমা আছে। তারা যতটুকু রাস্তায় জমি দিবেন আমরাও সেই পরিমাণ জমি দিতে আপত্তি করব না।
হঠাৎ প্রশস্ত রাস্তার দাবী তুলে ইয়াকুব আলী জনি বেলঘরিয়া গ্রামের রহিম মন্ডলের পুত্র নাসির উদ্দীনের গোয়াল ঘরে দেয়াল ভেঙ্গে রাস্তা নির্মাণের চেষ্টা চালান। ভুক্তভোগীর পরিবার বাধা দিলে ভাড়া করা লোকজন নিয়ে ইয়াকুব আলী জনি, প্রাণনাশের হুমকি, নানা রকম অশ্রাব্য ভাষায় গালিগালাজ ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছেন । এ ঘটনা মুঠোফোনে ধারণ করলে মোবাইলটি কেডে নিয়ে নষ্ট করে দেয়া হয়।
সূত্রে জানা গেছে, গোয়াল ঘরের দেয়াল ভাঙ্গা হলেও বর্তমান পরিস্থিতিতে একই রাস্তায় যেতে পুকুর,ডোবা ও কাচল রয়েছে। সেখানে ৫/৬ ফুটের বেশী রাস্তা নির্মাণ সম্ভব নয়। অপর দিকে রাস্তার বেশ কিছু রাস্তা বাদ রেখে মৃত হাবিবুর রহমানের পুত্র, নিরীহ আব্দুর রশীদ নামক ব্যক্তির জমিতে ১২/১৪ ফিট প্রশস্ত রাস্তা নির্মাণ শুরু করেছে।
এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার শান্তিকামী জনগণ।
সূত্র জানায়, ইয়াকুব আলী জনি গণঅধিকার পরিষদের রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি।
তিনি সাবেক ভিপি নূরুল হক নূরের নামে এলাকায় দাপট দেখান। তার না কী পুলিশ প্রশাসনে বড় বড় কর্মকর্তা বন্ধু রয়েছে।
১২ আগস্ট বুধবার বিকেলে একাধিক বার কলদিলেও জনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় বেলঘরিয়া গ্রামের নাসির উদ্দীন ও আব্দুর রশীদ, গণঅধিকার পরিষদ নেতা ইয়াকুব আলী জনিকে বিবাদী করে পৃথক অভিযোগ দায়ের করেছেন। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমদ অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করেছেন।