নওগাঁর মহাদেবপুরে ডাবলওয়ে সড়কের দুপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনা আর মাটি স্বেচ্ছাশ্রমে পরিস্কার করে ট্রাক্টরযোগে পরিবহণ করে অন্যত্র ফেলে দিয়ে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি নেতা হাজী আক্কাস আলী। বুধবার (১২ আগস্ট) সকাল থেকে সারাদিন ১২ জন শ্রমিক লাগিয়ে তিনি এসব পরিস্কার করার কাজ সম্পন্ন করেন।
সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী আক্কাস আলী রাস্তার পাশের ময়লা আবর্জনা কোদাল দিয়ে সংগ্রহ করে স্তুপ করে রাখার পর আনুষ্ঠানিকভাবে সেগুলো ট্রাক্টরে তুলে কাজ সমাপ্ত করেন তিনি। এসময় তিনি বলেন, উপজেলা সদরের ব্র্যাকের মোড় থেকে বচনা ব্রীজ পর্যন্ত দেড় কিলোমিটার ডাবলওয়ে সড়কের দুপাশে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা, নোংরা পানি জমা হয়ে পুঁতি দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি করে। এসব দেখাশুনার কেউ নেই। সদর ইউনিয়ন পরিষদ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্থানীয় জনতাকে এরকম দূর্ভোগে পড়তে হতো না। তিনি ব্যক্তিগত তহবিল থেকে এসব পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। আগামীতে পুরো মহাদেবপুর উপজেলা সদরের ময়লা পরিস্কারের দায়িত্ব তিনি নিতে চান বলেও জানান। স্থানীয়রা তার এই স্বেচ্ছাউদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।