চাঁদপুর লঞ্চঘাটে ইজারার নামে চাঁদাবাজি ও অনিয়ম দূর করতে এমপির নির্দেশ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১৬ আগস্ট, ২০২৬, ০৭:৪১ পিএম | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৭:৪১ পিএম
চাঁদপুর লঞ্চঘাটে ইজারার নামে চাঁদাবাজি ও অনিয়ম দূর করতে এমপির নির্দেশ

দীর্ঘদিনের ভোগান্তি ও অনিয়ম দূর করতে চাঁদপুর লঞ্চঘাটে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক-এর নির্দেশনায় রোববার (১৬ আগস্ট ২০২৬) থেকে লঞ্চঘাটে সব ধরনের চাঁদাবাজি ও যাত্রী হয়রানি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই কঠোর সিদ্ধান্ত ও নির্দেশনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ১৬ আগস্ট থেকে ঘাটে লঞ্চ যাত্রীদের কাছ থেকে ইজারার দোহাই দিয়ে কোনো প্রকার অর্থ আদায় করা যাবে না। নির্ধারিত এই নির্দেশনা অমান্য করে কেউ চাঁদাবাজি বা অর্থ আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে লঞ্চঘাটে সাধারণ যাত্রীদের কাছ থেকে মোটরসাইকেল কিংবা নিজ বহনকৃত ব্যাগে মালামাল নিয়ে লঞ্চে উঠা- নামার সময় ইজারার নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ ছিল। সংসদ সদস্যের এই সরাসরি হস্তক্ষেপে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে