নীলফামারীর সৈয়দপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নীলফামারী জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক ব্যবসায়ী অংশ নেন। আইবিডব্লিউএফ নীলফামারী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। আইবিডব্লিউএফ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম এবং সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খানসহ অন্যান্য অতিথিরা। বক্তারা ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সম্মেলনে ব্যবসায়ী নেতারা ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে সংগঠনের পক্ষ থেকে ব্যবসায়ী ও অতিথিদের সঙ্গে মতবিনিময় করা হয়। সম্মেলনে সৈয়দপুরসহ জেলার বিভিন্ন এলাকার শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।