ভৈরবে ইউপি চেয়ারম্যান রিপনের পূর্ণবহালের দাবিতে মানববন্ধন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০৮:১৮ পিএম
ভৈরবে ইউপি চেয়ারম্যান রিপনের পূর্ণবহালের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবে শিমুল কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রিপনের বিরুদ্ধে হয়রানির প্রতিবাদ এবং তাকে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে শিমুল কান্দি ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে শিমুল কান্দি উচ্চ বিদ্যালয় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ও যুবক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বর্তমান ইউপি সদস্য নাছির উদ্দিন। তিনি বলেন, “রিপন চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান। তার বিরুদ্ধে পরিষদের সদস্য খোরশেদ আলম ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ এনে নানাভাবে হয়রানি করেছেন এবং কৌশলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।

তিনি আরও বলেন, “চেয়ারম্যান দায়িত্বে না থাকায় ইউনিয়নের সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত তাকে পূর্ণবহাল করতে হবে।

এসময় বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জজ মিয়া, মনোয়ার হোসেন হিমেল, নাসিমা বেগম, সাবেক ইউপি সদস্য জজ মিয়াসহ স্থানীয়রা। তারা অভিযোগ করেন, মিথ্যা মামলায় চেয়ারম্যানকে হয়রানি করা হয়েছে।

বক্তারা জানান, মামলায় জামিনের পর গত ১৯ এপ্রিল হাইকোর্ট খোরশেদ আলমকে দায়িত্ব থেকে সরিয়ে রিপনকে চেয়ারম্যান হিসেবে পুনর্বহালের নির্দেশ দেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তারা। মানববন্ধন থেকে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দ্রুত রিপন চেয়ারম্যানকে পূর্ণবহালের দাবি জানান বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে