নিজ এলাকায় স্বপ্নের স্কুল গড়তে চান ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা): | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৭:০৩ পিএম
নিজ এলাকায় স্বপ্নের স্কুল গড়তে চান ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের প্রত্যন্ত তরুলিয়া গ্রামে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল) গড়ার স্বপ্ন দেখছেন তরুণ ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান। নিজ এলাকার কোমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তিনি এই মহৎ উদ্যোগ হাতে নিয়েছেন। স্বপ্নের এই বিদ্যাপীঠটি সফলভাবে প্রতিষ্ঠা করতে তিনি এলাকার সর্বস্তরের মানুষের পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তরুলিয়া গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান পেশাগত জীবনে সফল হলেও নিজ শেকড় ও মাটির টান ভুলে যাননি। অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মানসম্মত শিক্ষার অভাব দূর করতেই তিনি নিজের এলাকায় একটি আদর্শ স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে আধুনিক সুযোগ-সুবিধা, নৈতিক শিক্ষা এবং যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো যুগোপযোগী শিক্ষাদানের ব্যবস্থা থাকবে। এই মহতী উদ্যোগ সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান বলেন:একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল নিজ এলাকার অবহেলিত শিশুদের জন্য ব্যতিক্রমী এবং মানসম্মত একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা। যেখানে শুধু মুখস্থ বিদ্যা নয়, বরং নৈতিকতা ও আধুনিক যুগের উপযোগী শিক্ষা দেওয়া হবে। আমি একা হয়তো কেবল স্বপ্ন দেখতে পারি, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন আপনাদের সবার ভালোবাসা, সুচিন্তিত পরামর্শ এবং সহযোগিতা।ইঞ্জিনিয়ার শাহিনুর রহমানের এই যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যুগিখালী ইউনিয়নের সুধী সমাজ ও সাধারণ মানুষ।স্থানীয় অভিভাবকরা জানান, গ্রামে ভালো মানের স্কুল না থাকায় শিশুদের দূরে পাঠাতে হতো। এই স্কুলটি হলে এলাকার শিক্ষার মান অনেক উন্নত হবে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলছেন, তরুণ প্রজন্ম যেখানে শহরমুখী হচ্ছে, সেখানে একজন ইঞ্জিনিয়ারের নিজ গ্রামে এসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।স্কুলটির অবকাঠামো নির্মাণ, শিক্ষা কারিকুলাম নির্ধারণ এবং সার্বিক পরিকল্পনাকে ত্রুটিহীন করতে এলাকার শিক্ষাবিদ, সমাজসেবক, প্রবাসী ভাই বোন এবং সর্বস্তরের সাধারণ মানুষের পরামর্শ চেয়েছেন তিনি। যেকোনো গঠনমূলক পরামর্শ বা সহযোগিতার জন্য সরাসরি তার সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে তরুলিয়া গ্রামের এই স্বপ্নের স্কুলটি আগামী দিনে কলারোয়া উপজেলার তথা পুরো সাতক্ষীরা জেলার একটি অনন্য মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে বলে মনে করছেন এলাকাবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে