আসন্ন গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার রাজনৈতিক অঙ্গন, গ্রামগঞ্জ ও হাট-বাজারে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা, ভোটারদের সঙ্গে গণসংযোগ এবং নির্বাচনী প্রস্তুতিতে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে পুরো উপজেলা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান (পলাশ) কে ঘিরে আলোচনা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করছেন স্থানীয়দের একটি অংশ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এম আর হাসান পলাশ। রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও সংকটে পাশে দাঁড়ানোর কারণে তরুণ ও প্রবীণ উভয় শ্রেণির মানুষের কাছেই তিনি পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলে মত দিয়েছেন তার সমর্থকরা।
স্থানীয়দের ভাষ্য, গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নিয়মিত গণসংযোগ, সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া এবং সুখে-দুঃখে পাশে থাকার কারণে তৃণমূল পর্যায়ে পলাশের একটি ইতিবাচক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ফলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে ঘিরে ভোটারদের আগ্রহও দিন দিন বাড়ছে। পরিবর্তিত সময়ের চাহিদা অনুযায়ী একজন সৎ, কর্মঠ ও আধুনিক চিন্তাধারার নেতৃত্ব গাবতলীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের দাবি, এম আর হাসান পলাশ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন। যে কোনো সামাজিক কিংবা মানবিক সংকটে তাকে কাছে পাওয়া যায় বলেই সাধারণ মানুষের একটি অংশ তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।
বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, সামাজিক সম্পৃক্ততা এবং জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সে বিবেচনায় এম আর হাসান পলাশের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আলোচনায় এগিয়ে রেখেছে।
স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা জানান, ডিজিটাল যুগে তরুণ ভোটারদের প্রত্যাশা অনেকটাই বদলে গেছে। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সহজে মানুষের কাছে পৌঁছাতে পারবেন, সাধারণ মানুষের কথা শুনবেন এবং আধুনিক ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে উপজেলা পরিচালনায় ভূমিকা রাখবেন। এই দৃষ্টিকোণ থেকে পলাশকে নিয়ে তরুণ ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে বলে তাদের দাবী।
গাবতলীর বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা যায়, নিয়মিত গণসংযোগ, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করায় তৃণমূল পর্যায়ে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে সমর্থকরা দাবি করছেন। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন সামাজিক উদ্যোগেও তার অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে গেছে।
নিজের সম্ভাব্য প্রার্থিতা ও জনসমর্থনের বিষয়ে এম আর হাসান পলাশ বলেন, আমি কখনো পদ-পদবির জন্য রাজনীতি করিনি। রাজনীতিকে মানুষের সেবার মাধ্যম হিসেবেই দেখেছি। গাবতলীর মানুষের সুখে-দুঃখে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণ যদি আমাকে দায়িত্ব দেওয়ার সুযোগ দেন, তাহলে একটি আধুনিক, বৈষম্যহীন, স্বাবলম্বী ও উন্নয়নমুখী গাবতলী উপজেলা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং তরুণদের দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করতে চাই। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই উপজেলা পরিচালনার চেষ্টা থাকবে।
তবে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা কিংবা নির্বাচনী তফসিল প্রকাশ হয়নি। তারপরও সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতায় নির্বাচন ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে। রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সম্ভাব্য ভোটের সমীকরণ নিয়েও নানা আলোচনা। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, ততই ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে। তবে বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে এম আর হাসান পলাশকে গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত ও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছেন অনেকেই। এদিকে নির্বাচন ঘিরে উপজেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ তৈরি হতে শুরু করেছে। চায়ের দোকান, হাট-বাজার, গ্রামাঞ্চল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা। সব মিলিয়ে গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম আর হাসান পলাশকে ঘিরে চলমান আলোচনা।