জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য বিজয় র্যালি ও গণসমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। বুধবার (৫ আগস্ট) বিকালে সকল ইউনিয়নের পৃথক পৃথক র্যালি বিজয় পৌর শহরের বিভিন্ন স্থান থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে এসে গণসমাবেশ মিলিত হয়। ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আশরাফ হোসেন আপেলের সঞ্চালণায় অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ইউনুস আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, এবং পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, সদস্য সচিব আজিজুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা মহিলা দলের আহ্বায়ক আমিনা বেগম অনন্যা, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, ছাত্রদলের সদস্য সচিব আতিকুর রহমান আকাশ, উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক শাওন আহমেদ লেবুসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের দিন। ৩৬ জুলাই শুধু গণঅভ্যুত্থান দিবস নয়, ফ্যাসিস্ট হাসিনা পলায়ন দিবস। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে একটি রাজনৈতিক দল আন্দোলনের পুরো কৃতিত্ব নিজেদের বলে প্রচারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার, গণতন্ত্র ও কল্যাণে কাজ করে যাওয়াই দলের অঙ্গীকার। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজনকে সভাপতি করার জন্য জামায়াত সুপারিশ করছে বলেও অভিযোগ তোলেন তিনি