বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ১২:৩৮ পিএম
বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪
ছবি: সংগ্রহীত

বগুড়ার কাহালুতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকআপের চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী রয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। নিহত অপর তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

কাহালু থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপ নওগাঁয় মাছ বিক্রি করতে গিয়েছিল। মাছ বিক্রি শেষে পিকআপটি ময়মনসিংহের দিকে ফিরছিল। পথে কাজীপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন।

দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষের পর বগুড়া-নওগাঁ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে