কুড়িগ্রামের রৌমারীতে গৃহবধূ গোলাপি খাতুন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ঢাকার সাভারের দক্ষিণ রাজাশান ও আইচানোয়াদ্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মামলার প্রধান আসামি হাসিনুর রহমান (৪৬), আব্দুল মতিন (৪৫) ও রহমত আলী (৫৫)।
র্যাব-১৩ জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রথমে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অপর দুই আসামিকে আটক করা হয়। গত ৩০ জুলাই রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর এলাকার একটি ডোবা থেকে গলায় কংক্রিটের টুকরা বাঁধা অবস্থায় গোলাপি খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বেলাল হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় হত্যা মামলা করেন। র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।